ব্যক্তি বা বিষয়ের প্রোফাইল তৈরির কৌশল

Share:

১. বিষয় সম্পর্কে সঠিক ও বিস্তারিত জানতে সময় নিন
অনেক রিপোর্টার গর্ব করে বলেন কোনো ব্যক্তি বা বিষয় সম্পর্কে জানতে তাদের কয়েক মিনিটই যথেষ্ট। আসলে তারা ভুল করেন। কোনো বিষয় বা ব্যক্তি সম্পর্কে সত্যটা জানতে সময় দিতে হবে। কমপক্ষে এক ঘণ্টা বা তারও বেশি সময় শুধু তার সম্পর্কে জানতে ব্যয় করা উচিৎ।

২. কাজের মধ্য দিয়ে জানুন
কোনো ব্যক্তি সম্পর্কে সম্যক ধারণা পাওয়ার সবচেয়ে ভালো উপায় তার কাজকর্ম পর্যবেক্ষণ করা। মানুষ মুখে যাই বলুক না কেন তার নিয়মিত কাজকর্মের মধ্যে কিন্তু প্রকৃত চেহারা প্রকাশ পায়। আর ব্যক্তি বা বিষয়ের কার্যক্রমের নানা দিক বর্ণনা করতে পারলে স্টোরিটাও খুব আকর্ষণীয় ও প্রাণবন্ত হয়।


৩. ভালো-মন্দ-কুৎসিত সব দিক তুলে ধরুন
ব্যক্তি-বস্তুর চরিত্র চিত্রন কিন্তু সহজ কথা নয়। এটা হবে একটা জানালা যার মধ্য দিয়ে তার প্রকৃত চেহারাটা দেখা যাবে। আপনার চরিত্রটি যেমনই হোক, সেটা আপনার কাছে অস্বস্তিকর বা তুচ্ছ মনে হলেও তুলে ধরুন। রাগী, শান্তশিষ্ট, বাচাল, গোমরামুখো যাইহোক লিখুন। চরিত্রচিত্রনে যখন একজন বাস্তব মানুষকে তুলে ধরা হয় তখন স্টোরিটাও জীবন্ত হয়ে ওঠে।

৪. ব্যক্তি বা বিষয় সম্পর্কে জানে এমন লোকদের মত নিন
অনেকে মনে করেন চরিত্রচিত্রন একধরনের সাক্ষাৎকার বা শুধুই নিজের পর্যবেক্ষণ। এটা সঠিক নয় কারণ, মানুষের দৃষ্টিভঙ্গি কখনোই নৈর্ব্যক্তিক হয় না। এ জন্য ওই ব্যক্তি আশেপাশের লোকজন, বন্ধুবান্ধব, সহকর্মী, শুভানুধ্যায়ী, সমর্থক, বিদ্বেষী, সমালোচক, শত্রু এদের সাথেও কথা বলতে হবে। আপনার উদ্দেশ্য হলো একজন বাস্তব মানুষকে তুলে ধরা। যেমনটি ৩ নম্বর পয়েন্টে বলা হয়েছে।

৫. ব্যক্তিতথ্য এড়িয়ে চলুন
যে ব্যক্তি সম্পর্কে লিখতে চান তার জীবনবৃত্তান্ত দিয়ে স্টোরি বড় করবেন না। তার জন্ম কবে, শিক্ষাগত যোগ্যতা বা কোথায় পড়াশুনা এসব বিষয়ে পাঠকদের সাধারণত আগ্রহ থাকে না। তবে স্টোরিটা ওই সম্পর্কিত হলে অন্য কথা। তার পরিচয় দেয়ার জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই তথ্য দিতে হবে।

৬. কালানুক্রমিক বর্ণনা পরিহার
অনেকে ব্যক্তির বর্ণনা দিতে গিয়ে কালানুক্র কড়াকড়িভাবে অনুসরণ করে। যেমন : তার জন্ম থেকে শুরু করে ধাপে ধাপে বর্তমানে গিয়ে শেষ করে। এই বর্ণনা পদ্ধতি বিরক্তিকর। বরং তার জীবনের এমন একটি দিক বেছে নিন যেটা খুব মজার- আর সেখান থেকেই শুরু করুন। 

৭. একটা সিদ্ধান্ত টানুন
উপরের ধাপগুলো যথাযথভাবে শেষ করলে আপনার উদ্দিষ্ট ব্যক্তি বা বিষয় সম্পর্কে একটা সিদ্ধান্তে আসতে পারার কথা। যেমন : ব্যক্তি হলে তার চরিত্র, লাজুক নাকি আগ্রাসি, প্রবল ইচ্ছাশক্তি সম্পন্ন নাকি দুর্বল, শান্তশিষ্ট নাকি রগচটা এটা বুঝতে পারার কথা। যদি না বোঝেন তাহলে বলতে হবে আপনি ৬টি ধাপ ঠিকঠাক অনুসরণ করেননি।

কোন মন্তব্য নেই