তনু হত্যার আন্দোলন নাও হতে পারতো যদি...

Share:
সোহাগী জাহান তনু, এক দরিদ্র অফিসস্ট্যান্টের মেয়ে যে কলেজে পড়তো, নাটক করতো, গান গাইতো একইসাথে স্কার্ফ পড়তো, দেখতেও সুন্দরী। অবশ্য তার স্কার্ফ পরাটা সচেতন ধর্মীয় অনুভূতি নাকি সামাজিক চাপ, পারিবারিক ঐতিহ্য, নাকি বাইরের নোংরা পুরুষ পরিবেশ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা সেটা নিশ্চিত করে বলা মুশকিল।

তো আর দশটা সাধারণ মেয়ের মতো সে-ও ছিল। কিন্তু তাকে হত্যার ঘটনায় এতো তোলপাড় কেন? কেউ মনে করছে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এটাই কি কারণ? দেশে প্রায় প্রতিদিনই এমন ধর্ষণ ও তারপর খুনের ঘটনা ঘটছে। কেউ তো রাস্তায় নামছে না। কখনো কখনো স্থানীয়ভাবে প্রতিবাদ জানানো হচ্ছে কিন্তু তার ঢেউ ঢাকা পর্যন্ত আসছে না। তাহলে এই ঘটনার কী এমন বিশেষত্ব আছে যে, স্থানীয় তরুণ যুবক তো বটেই ঢাকায় সংস্কৃতিকর্মী, গণজাগরণ মঞ্চ পর্যন্ত আন্দোলনে ঝাঁপিয়ে পড়লো?

একটা সম্ভাব্য কারণ হতে পারে খুনটা ক্যান্টনমেন্ট এলাকায়, যদিও যেখানে লাশটা পাওয়া গেছে সেখানে সেনানিবাসের কোনো সীমানা প্রাচীর ছিল না। তারপরও সেনাবাহিনী নিয়ে দেশের মানুষের কিছু তিক্ত অভিজ্ঞতা থাকার কারণেই এক ধরনের সুপ্ত প্রতিশোধমূলক মনোভাব ক্রিয়াশীল আছে। এটা সত্য। তাহলে তনু হত্যাকে উপলক্ষ করে কি সেই মনোভাবেরই বহিঃপ্রকাশ ঘটছে? কিন্তু এই খুনের জন্য সেনাবাহিনীই দায়ী এমন তো কোনো তথ্য প্রমাণ কারো কাছে নেই। আর কেউ সেনাবাহিনীর বিরুদ্ধে স্পষ্ট করে কিছু বলছেও না।

তাহলে তনু হিজাবী হলেও একজন নাট্যকর্মী। এটা একটা কারণ হতে পারে কি? হতে পারে কারণ, এই প্রথম সাংস্কৃতিক জোট স্বপ্রণোদিত হয়ে বিক্ষোভ করেছে। পর্দা করলেও তাকে প্রগতিশীল হিসেবেই উপস্থাপন করা হচ্ছে। একারণেই হয়তো তারা দায় অনুভব করছেন, তনু তাদেরই একজন, যে তাদের সংগঠনের সঙ্গে ছিল। একই অনুভূতি থেকে নিজেদের দায়বদ্ধ ভাবছে গণজাগরণ মঞ্চ। কারণ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সঙ্গে মঞ্চের ঘনিষ্ট সম্পর্ক আছে।

এখন সম্ভাব্য কিছু কারণ বিচার করে দেখা যাক: তনু হতে পারতো আরো অতি সাধারণ, হতে পারতো আরো কঠোর হিজাবী (নেকাবও পরতে পারতো), গান-নাটক এসবকে হারাম জ্ঞান করতে পারতো, জামায়াতের ছাত্রীসংস্থার কর্মী বা নেত্রীও হতে পারতো, অন্য কোনো ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পারতো, তনুর ফেসবুক থেকে গণজাগরণ মঞ্চ বিরোধী অবস্থান সম্পর্কে স্ট্যাটাস উদ্ধার হতে পারতো, তনু একাধিক প্রেম করে থাকতে পারতো।

এই ঘটনায় এসব মালমসলা থাকলে শাহবাগে কেউ জড়ো হতেন কি? আন্দোলনটা এভাবে জমতো কি? সম্মিলিত সাংস্কৃতিক জোট স্বপ্রণোদিত হয়ে বিক্ষোভ করার গরজ অনুভব করতো কি? আমার মনে হয় না। কারণ, এর আগেও এর চেয়ে সাংঘাতিক ঘটনা ঘটেছে যা নিয়ে ফেসবুকে বিপ্লবী স্ট্যাটাস পর্যন্তই সীমাবদ্ধ ছিল। এর মধ্যে মা মেয়েকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের মতো ঘটনাও কিন্তু ঘটেছে, গার্মেন্টস কর্মীকে চলন্ত বাসে গণধর্ষণের ঘটনা ঘটেছে, মাকে তার বালক সন্তানের সামনে পিটিয়ে মাথা কামিয়ে ঘোল ঢেলে দেওয়ার ঘটনাও ঘটেছে।

তনুর ঘটনাকে আরেকটু অন্যভাবে দেখি : তনু হতে পারতো কোনো সংখ্যালঘু এবং কোনো সংগঠনের সাথে জড়িত নাও থাকতে পারতো। ঘটনাকি ঘটতো ওইরকম ক্যান্টনমেন্টের ভেতরে তখন কি হতো? আমার ধারণ আন্দোলনটা আরো জোরালো হতো!

কোন মন্তব্য নেই