ব্যানানা রিপাবলিক আসলে কী?

Share:

charateristics of banana republic

ব্যানানা রিপাবলিক শব্দটি আসলে সরকারের কোনো নির্দিষ্ট ফর্ম বা ধরন বা প্রকরণকে বোঝায় না। তবে এই ফ্রেজের ব্যবহারে একটি সরকারের উপাদান রয়েছে। ব্যানানা রিপাবলিক শব্দবন্ধটি কিন্তু বেশ অবমাননাকর শব্দ। এটি প্রায়ই অত্যাচারী/ফ্যাসিস্ট/নিষ্ঠুর বা নানামুখী সমস্যায় আক্রান্ত একটি সরকার বা সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত দেশগুলোকে বর্ণনা করতে ব্যবহৃত হয়। 

ব্যানানা রিপাবলিক: এই শব্দবন্ধের উৎস

ব্যানানা রিপাবলিক শব্দটি প্রথম ব্যবহার করেন বিশ শতকের লেখক ও হেনরি। তিনি শব্দটি ব্যবহার করেছিলেন ১৯০১ সালে প্রকাশিত 'রুজ এট নোয়ার'(Rouge et Noir) নামে একটি ছোট গল্পে। গল্পটি ১৯০৪ সালে প্রকাশিত ও হেনরির গল্পগুচ্ছ 'ক্যাবেজেস অ্যান্ড কিংস'-এও ছিল৷ কোস্টারাগুয়া নামে একটি কাল্পনিক দেশের গল্প এটি।

গল্পটিতে ও হেনরি কোস্টারাগুয়াকে একটি ব্যানানা রিপাবলিক হিসেবে বর্ণনা করেছেন। বাস্তব-বিশ্বের হন্ডুরাসের তৎকালীন রাজনৈতিক সংকট নিয়েই মূলত গল্পটি লিখেছিলেন তিনি। মধ্য আমেরিকার দরিদ্র দেশটির অর্থনীতি নির্ভরশীল ছিল কলা রপ্তানির ওপর। আর সরকার ছিল চরম দুর্নীতিগ্রস্ত এবং অস্থিতিশীল। সেই সময়ে হন্ডুরাসের কলা শিল্প নিয়ন্ত্রণ করতো আমেরিকান কোম্পানিগুলো। এই কোম্পানিগুলো সরকার উৎখাত করার জন্য বিদ্রোহী তহবিল সরবরাহ করেছিল।

ব্যানানা রিপাবলিক শব্দটির অর্থ কী

ক্যাবেজেস অ্যান্ড কিংস গল্পগ্রন্থটি প্রকাশিত হওয়ার কিছুদিন পরে, ব্যানানা রিপাবলিক শব্দবন্ধটি মধ্য আমেরিকান বা গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোর অবস্থা বর্ণনা করার জন্য একটি অপমানজনক শব্দ হিসেবে ব্যবহার শুরু হয়। বলাবাহুল্য এসব দেশে দারিদ্র্য ব্যাপক বিস্তৃত, কৃষিপণ্য হিসেবে কলার বড় ভূমিকা আছে এবং রাজনৈতিক অস্থিরতা প্রায় স্থায়ী সমস্যা, দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে। কোনো দেশ বা সরকারকে আনুষ্ঠানিকভাবে ব্যানানা রিপাবলিক হিসেবে আখ্যায়িত বা চিহ্নিত করা হয় না সাধারণত। তবে অর্থনীতিবিদ, সাংবাদিক এবং অন্যরা যারা রাজনীতি, অর্থনীতি এবং শিল্প-উৎপাদন বিষয়ে অধ্যয়ন করেন তারা কখনও কখনও নির্দিষ্ট এলাকায় বিদ্যমান বাস্তবতা বোঝাতে এই শব্দবন্ধটি ব্যবহার করেন।

ব্যানানা রিপাবলিকের বৈশিষ্ট্য

ব্যানানা রিপাবলিক শব্দবন্ধটি আজকাল যেভাবে ব্যবহার করা হয় তা আসলে এটির একটি ব্যাপক বিবর্তিত রূপ। এক শতাব্দীরও বেশি আগে চালু হওয়া শব্দবন্ধটির অর্থ ও ধারণা ঠিক আগের জায়গায় নেই। বলাবাহুল্য ও হেনরি আজকের অর্থে নিশ্চয়ই শব্দবন্ধটির অবতারণা করেননি। আজ আর শুধু মধ্য আমেরিকা বা গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোকে বোঝানোর জন্য এই শব্দবন্ধটির ব্যবহার সীমাবদ্ধ নয়। আধুনিক বিশ্বের একটি ব্যানানা রিপাবলিকের মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে:

সরকারে ব্যাপক দুর্নীতি

অত্যাচারী/ফ্যাসিস্ট সরকার

অস্থিতিশীল সরকার

নাগরিক অশান্তি/অসন্তোষ

বারবার অভ্যুত্থান প্রচেষ্টা/অভ্যুত্থান

সীমিত প্রাকৃতিক সম্পদ রপ্তানির ওপর অর্থনৈতিক নির্ভরতা (এটি কলা হতে পারে বা তৈরি পোশাকের মতো অন্য কিছুও হতে পারে)

দেশের অবকাঠামো বাইরের দেশের স্বার্থ সমর্থিত, নিয়ন্ত্রিত বা মালিকানাধীন। (সম্পূর্ণ ঋণনির্ভর উন্নয়ন বা অন্য দেশকে অস্বাভাবিক সুবিধা দিয়ে/দিতে বৃহৎ প্রকল্প বাস্তবায়ন)

বিদেশী বিনিয়োগ বা ব্যবসা প্রতিষ্ঠানের ওপর সামগ্রিক অর্থনৈতিক নির্ভরতা

ব্যাপক দারিদ্র্য

সামাজিক শ্রেণীর উল্লেখযোগ্য স্তরবিন্যাস

ধনী ও দরিদ্রের মধ্যে বিশাল ব্যবধান (আয় বৈষম্য বা শ্রেণী বৈষম্য প্রকট)

মধ্যবিত্তের অভাব (মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা তলানিতে)

ব্যানানা রিপাবলিকের উদাহরণ

আধুনিক বিশ্বে একটি দেশকে ব্যানানা রিপাবলিকের সরকার হিসেবে সঠিকভাবে বর্ণনা করা যায় কি না তা একটি মতভেদ আছে। এক সময় বেশ কয়েকটি দেশকে ব্যানানা রিপাবলিক হিসেবে বর্ণনা করা হতো। এসব দেশের অবস্থা হয়তো আগের চেয়ে কিছু উন্নতির দিকে, তারা ওই কাঠামো/সংকট উতরে গেছে।

বাংলাদেশ

বতসোয়ানা

কোস্টারিকা

গুয়াতেমালা

হন্ডুরাস

নিকারাগুয়া

নাইজেরিয়া

পানামা

জাম্বিয়া

একটি দেশ কোনো একটা সময়ে হয়তো ব্যানানা রিপাবকলিকে সব বৈশিষ্ট্য প্রদর্শন করতে পারে, কিন্তু সময়ের সঙ্গে সেই দেশের তো ইতিবাচক পরিবর্তন আসতে পারে। তার মানে হলো শব্দবন্ধটি আর তার জন্য প্রযোজ্য হবে না। কেউ একটি দেশকে ব্যানানা রিপাবলিক হিসেবে উল্লেখ করার অর্থ এই নয় যে দেশটি সত্যিই ওই ধরনের। মনে রাখতে হবে যে, শব্দবন্ধটি একটি প্রকৃত বা আদর্শ ধরনের সরকারের বিপরীতে একটি অবমাননাকর বর্ণনা বা বিশেষণ।

সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অপমান

যখন একটি দেশ ব্যানানা রিপাবলিকের কিছু বৈশিষ্ট্য প্রদর্শন করতে শুরু করে, তখন যারা সেই দেশটি পর্যবেক্ষণ বা বিশ্লেষণ করে তারা তখন এ নিয়ে প্রায়শই সিদ্ধান্তহীনতায় থাকে যে দেশটির ক্ষেত্রে শব্দগুচ্ছটি প্রযোজ্য হবে কি না। 

যেমন দেশে বা প্রতিবেশী দেশগুলোতে বসবাসকারি লোকেরা। উদাহরণস্বরূপ, শ্রীলংকার মানুষেরা সরকারের শীর্ষ পর্যায়ের লোকদের বিরুদ্ধে এমন কিছু অভিযোক্ত এনেছে যে, সেসব কর্মকাণ্ড জাতিকে একটি ব্যানানা রিপাবলিকে পরিণত করতে পারে। 

কখনও কখনও এই ধরনের শব্দবন্ধগুলো দেশে বিদেশে চাঞ্চল্য সৃষ্টি বা একটা সেনসেশন তৈরি এবং প্রচার বা অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। ফলে হলুদ সাংবাদিকতা সম্পর্কে সতর্ক থাকতে হবে।

কোন মন্তব্য নেই